ঝালকাঠি প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গত পাঁচ মাসে সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পাননি। মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাত ও ভোটচোরদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
রোববার বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে এনসিপি আয়োজিত কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচি শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। এ সময় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে তিনি আরও বলেন, আগে এস আলম ব্যাংক ও দেশের সম্পদ লুট করেছে, কেউ বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে। এখন একটি দলের স্থানীয় নেতারা বালু, নদী ও গরু চুরির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি। দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, সরোয়ার তুষার, আরিফুর রহমান তুহিন এবং নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহামুদা আলম মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এর আগে একটি পদযাত্রা রাজাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।