ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টায় আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সভাপতিত্বে এই সভায় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ সরদার মো: শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো: কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালী সহ সরকারী বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক দলের শীর্ষ নেতা, সাংস্কৃতিক কর্মী ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। জাঁকজমক আয়োজনের মধ্য
দিয়ে এই বছর মহান বিজয় দিবস পালন উপলক্ষে একাধিক উপ-কমিটির গঠন করা হয়েছে। একই সাথে মহিলাদের জন্য খেলাধুলার একটি উপ-কমিটিও গঠন করা হয়েছে। ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং এই ভেন্যুতেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে প্রদর্শর করা হবে। জেলা শিল্পকলা একাডেমীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।










