ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি মা ইলিশ সংরক্ষন অভিযান টানা ২২দিন পরে রবিবার রাত ১২ টায় শেষ হয়েছে। ঝালকাঠি জেলা মৎস ভবনের কার্যালয় সাংবাদিকদের নিয়ে অভিযান সম্পর্কে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সোমবার বেলা ১২টায় জেলা মৎস্য অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে এই সভায় ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, চার উপজেলার উপজেলা মৎস্য কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রী, মোঃ রুহুল আমিন, গৌতম মন্ডল ও সাইয়্যেদা উপস্থিত ছিলেন। ঝালকাঠিতে এই ২২ দিনের ইলিশ সংরক্ষন অভিযান পরিচালনায় তাদের কি ধরণের সাফল্য ছিল তা তুলে ধরেন।
পাশাপাশি এই অভিযান পরিচালনা করতে গিয়ে তাদের যে ধরণের সংকট হয়েছে তাও তারা ব্যাখ্যা করেন। বড় সংকটের মধ্যে এই বিভাগের চরম জনবল সংকট এবং অভিযান পরিচালনার ক্ষেত্রে অর্থ সংকটও কম বলে দাবী করা হয়েছে। তবে একজন উপজেলা মৎস্য অফিসার স্পষ্ট করে বলেন, মা ইলিশ এখন দুর্বৃত্তের কবলে। জাতীয়ভাবে সচেতন না হলে ইলিশ এই দুর্বৃত্তের হাত থেকে রক্ষা করা যাবে না। তারা শিকার করেন অভিযান পরিচালনা করতে গিয়ে তারা মাঝে মাঝে জেলেদের দলগত হামলার শিকার হয়েছেন এবং সেখান থেকে পালিয়ে আত্মরক্ষা করতে হয়েছে। প্রকৃত ইলিশ মাছ আহরণকারীদের আত্মীয় স্বজন তাদের প্রচ্ছন্ন মদদেই প্রতি বছর মৌসুমী জেলে হিসেবে এই সময় মাছ শিকার করে ইলিশ প্রজননের ক্ষেত্রে ক্ষতি করে আসছে। ২২দিন পরে বাজার ঘুরে দেখা গেছে ইলিশ মাছের সেই ধরণের জোগান নেই এবং মৎস্য কর্মকর্তার দৃষ্টি আকর্ষন করা হলে তিনি জানান ইলিশ মাছ ডিম ছেড়ে আবার সাগরে চলে যায়। সেকারণে হয়তো ইলিশ মাছ সাগরে নেমে গেছে।
মৎস্য বিভাগ সূত্রে দাবী করা হয়েছে জেলায় মা ইলিশ সংরক্ষন অভিযানের আওতায় ১২ অক্টোবর থেকে ০৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিনে ৮৩ টি মোবাইল কোর্ট টীমের মাধ্যমে ২৪৩ টি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে অবতরণ কেন্দ্র ২৫টি, ১১২ টি মাছঘাটা, ৪২৩ টি আড়ত এবং ৪৫৮ টি বাজার পরিদর্শন করা হয়েছে। অভিযানে ৬৪০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে এবং তা বিভিন্ন এতিম খানায় ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। ৯ লক্ষ ২৩ হাজার ৭০০ মিটার জাল যার আনুমানিক বাজার মুল্যে ১ কোটি ৬৮ লক্ষ ১১ হাজার ৫০০ টাকা জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। জেলায় মোট ২১টি মামলায় ৫ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও ৬৪০০০ টাকা জরিমানা করা হয়েছে। ২২ দিনে নিলামকৃত আয় ৭০০০ টাকা।










