ঝালকাঠি প্রতিনিধিঃ
জাল দলিল করার অভিযোগে ঝালকাঠির নলছিটিতে দুই দলিল লেখকের সনদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আজ সোমবার সকালে জেলা রেজিস্টার মো. আব্দুল বারী এ আদেশ প্রদান করেন। পাশাপাশি তাদের সনদ কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না, এ মর্মে আগামী দশ দিনের মধ্যে কারণ দর্শানো হয়। সনদ স্থগিত হওয়া দুজন হলেন দলিল লেখক মিজানুর রহমান পাপ্পু ও মো. আসলাম।
জেলা রেজিস্টার অফিস সূত্রে জানা যায়, নলছিটির দুই দলিল লেখক মিজানুর রহমান পাপ্পু ও মো. আসলামের বিরুদ্ধে সাব রেজিস্ট্রারকে ভুল তথ্য দিয়ে সরকারি কৃষি জমি ব্যক্তির নামে দলিল এবং বাকপ্রতিবন্ধীর তথ্য যাচাই না করে জমির দলিল রেজিস্ট্রি করার অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত করে নলছিটির সাব রেজিস্ট্রার মো. সালাহউদ্দিন জেলা রেজিস্ট্রারকে জানান। জেলা রেজিস্ট্রার মো. আব্দুল বারী ঘটনার সত্যতা পেয়ে সোমবার দুই দলিল লেখকের সনদ সাময়িকভাবে স্থগিত করেন। এছাড়াও দলিল লেখক মো. আল আমিন, মো. আসলাম ও মিজানুর রহমান পাপ্পুর সনদ কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না, এ মর্মে কারণ দর্শানো হয়েছে।
জেলা রেজিস্ট্রার মো. আব্দুল বারী জানান, ভুল তথ্য দিয়ে দলিল রেজিস্ট্রি করায় দুই দলিল লেখকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিন দলিল লেখকের সনদ কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না, এ মর্মে কারন দর্শানো হয়েছে। আগামী দশ দিনের মধ্যে এর সঠিক জবাব দিতে না পারলে তাদের সনদ বাতিল করা হবে।
এ ব্যাপারে দলিল লেখক মিজানুর রহমান পাপ্পু বলেন, দাতা এবং গ্রহীতার জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে। তাঁরা সবাই সাব রেজিস্ট্রারের সামনে ছিল। এ অবস্থায় দলিল হয়েছে। এখানে আমাদের কিছু করার নেই। আমরা শুধু দলিল লিখে দিয়েছি, আমরাতো দলিল রেজিস্ট্রি করার ক্ষমতা রাখি না।










