বরিশাল প্রতিনিধিঃ
বিক্রিত জমির গাছ বিক্রিকে কেন্দ্র করে তুমুল বাগ্বিতন্ডার (ঝগড়া) মাঝেই অসুস্থ হয়ে পরা দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে জেলার উজিরপুর উপজেলার শোলক গ্রামে। উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের চিকিৎসক রাকিব হাসান তাদের মৃত বলে ঘোষনা করেন।
মৃত ব্যক্তিরা হলেন-শোলক গ্রামের মৃত কামিনী দত্তের ছেলে চিত্ত দত্ত (৬২) ও একই গ্রামের মৃত করিম সরদারের ছেলে আব্দুল হক সরদার (৬০)। স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হক সরদার কিছুদিন পূর্বে চিত্ত দত্তের বড় ভাই মন্টু দত্তের কাছ থেকে জমি ক্রয় করেন। কয়েকদিন পূর্বে চিত্ত দত্তের অপর ভাই শংকর দত্তের ছেলে দুর্জয় দত্ত বিক্রিত জমির গাছ বিক্রি করেন।
বিষয়টি জানতে পেরে বুধবার সন্ধ্যায় আব্দুল হক সরদার দুর্জয় দত্তের কাছে গাছ বিক্রির কারণ জানতে চায়। এসময় তাদের মধ্যে বাগ্বিতন্ডা হয়। বিষয়টি দেখতে পেয়ে চিত্ত রঞ্জন ঘটনাস্থলে এসে আব্দুল হকের সাথে বাগ্বিতন্ডায় জড়িয়ে পরেন। দুর্জয় দত্ত জানান, ঝগড়ার একপর্যায়ে চিত্ত দত্ত মাটিতে লুটিয়ে পরেন। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে প্রথমে বাটাজোরের একটি প্রাইভেট ক্লিনিকে ও পরে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে (চিত্ত দত্ত) মৃত ঘোষনা করেন। অপরদিকে চিত্ত দত্তকে নিয়ে আসার কিছু সময় পর আব্দুল হক সরদার অসুস্থ হয়ে পরলে তাকেও উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকেও মৃতবলে ঘোষনা করেন।
উজিরপুর মডেল থানার ওসি মোঃ আলী আর্শাদ বলেন, চিকিৎসকের দেয়া তথ্যানুযায়ী উভয়ের মৃত্যু স্ট্রোকের কারণে হয়ে থাকতে পারে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।










