ইসরায়েলি হামলা-অবরোধে ফিলিস্তিনের গাজায় দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। ভূখণ্ডটিতে প্রতি ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস)। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
পিআরসিএস ফিলিস্তিনি শিশু দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বেশ কয়েকটি পোস্ট করেছে। এর মধ্যে একটি পোস্টে লেখা ছিল, ‘গাজায় প্রতি ঘণ্টায় ৪ শিশু নিহত হচ্ছে।’ আরেকটি পোস্টে লেখা হয়, ‘গাজায় ১০০০ শিশু তাদের হয় একটি বা উভয় পা হারিয়েছে।’ অপর একটি পোস্টে পিআরসিএস লিখেছে, ‘অনাহার ও পানিশূন্যতার কারণে গাজায় মৃত্যু হয়েছে অন্তত ৩১ শিশুর।’
গাজা উপত্যকার উত্তরাঞ্চলের চিকিৎসকেরা নানা আশঙ্কার কথা শোনাচ্ছেন। তাঁরা সতর্ক করে বলেছেন, খুবই সীমিত সরবরাহ দিয়েই হাসপাতালে তীব্র অপুষ্টিতে ভুগছে এমন শিশু এবং নবজাতকদের চিকিৎসা করার চেষ্টা চালানো হচ্ছে।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৭৫ হাজারের বেশি ফিলিস্তিনি। ইসরায়েলের টানা ছয় মাস ধরে চলা এই হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।












