গাজায় বর্বর হামলার ধারাবাহিকতায় এবার মাত্র ২৪ ঘণ্টায় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এ নিয়ে গাজায় মোট নিহত ৩২ হাজার ছুঁই ছুঁই। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির চেষ্টায় আবারও মধ্যপ্রাচ্য সফরে বের হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
নৃশংস সেনা অভিযানের ১৬৬তম দিনে বুধবার (২০ মার্চ) গাজার অন্তত ১০টি এলাকায় ব্যাপক হামলা চালায় দখলদার ইসরাইলি সেনারা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত শুধু গাজাতেই হত্যা করা হয় কমপক্ষে একশ’ চারজনকে। আহত হয়েছেন অন্তত ১৬২ জন।
টানা পঞ্চম দিনের মতো ব্যাপক তল্লাশি, ধরপাকড় ও হত্যাকাণ্ড চলছে গাজার অবশিষ্ট বিশেষায়িত হাসপাতাল আল-শিফায়। দখলদারদের হামলা ও ধরপাকড় চলেছে পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবির ছাড়াও জেনিন ও কালকিলিয়া শহরের একাধিক অবস্থানে।
এ নিয়ে গত পাঁচমাসে ৩১ হাজার নয়শ’র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। রাফায় স্থল অভিযান শুরু করতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
এমন সংকটজনক পরিস্থিতিতে যুদ্ধবিরতি নিয়ে একটি সমঝোতায় পৌঁছাতে আরব নেতাদের সঙ্গে ম্যারাথন বৈঠকের জন্য আবারও মধ্যপ্রাচ্য সফরে বের হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এরই মধ্যে সৌদি আরবে গিয়ে বৈঠক করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে। মিশরের কায়রোয় আরব পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা হবে ব্লিনকেনের।












