সম্প্রতি এক হাজার মাদ্রাসা ও শতাধিক ইসলামি বক্তার বিভিন্ন তথ্য দিয়ে ‘ধর্ম ব্যবসায়ীদের’ দুর্নীতির তদন্তের আহ্বান জানিয়েছে ‘বাংলাদেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন’। বাংলাদেশ মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গঠিত ‘গণকমিশন’-এর শ্বেতপত্র বাজেয়াপ্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ইসলামিক কালচারাল ফোরাম।
বৃহস্পতিবার (১৯ মে) রাতে ধানমন্ডির বাসায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সাথে দেখা করে এই দাবি জানান সংগঠনটির নেতারা। তারা মন্ত্রীর কাছে একটি স্মারকলিপিও দেন। গত রাত এগারোটার দিকে ফোরামের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান মমতাজীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রীর সাথে বৈঠক করেন।
আধা ঘণ্টার বৈঠক শেষে সংগঠনের সেক্রেটারি জেনারেল মাওলানা মো. নাজমুল হক সাংবাদিকদের বলেন, তারা গণকমিশনের প্রকাশিত শ্বেতপত্র ও তদন্ত প্রতিবেদন বাজেয়াপ্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করেন।












