কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার শহীদ রাজা ডিগ্রী কলেজের বরখস্তকৃত অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা আবুল বসার বাদশা দুর্নীতি, অর্থ আত্মসাৎ, প্রতারণা ও জালিয়াতির মামলায় জেল হাজতে।
আজ ১৪ মার্চ দুপুরে বাদশাকে ঝালকাঠি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ পারভেজ শাহরিয়ার জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ভারপ্রপ্ত অধ্যক্ষ সমীর সাহার দায়ের করা দুর্নীতি, অর্থ আত্মসাৎ, প্রতারণা ও জালিয়াতির মামলায় বরখস্তকৃত অধ্যক্ষ আবুল বসার বাদশা আদালতে জামিনের জন্য স্বশরীরে উপস্থিত হলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।
উল্লেখ্য কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমির কুমার সাহা গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখ ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বরখাস্তকৃত অধ্যক্ষের বিরুদ্ধে ১৭১/২০ নং মামলা দায়ের করেন। মামলায় বাদী সমীর কুমার অভিযোগ করেন ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ০৫ বছরে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, নবায়ন, ভ্রমণ ভাতাসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কলেজের ৫১ লক্ষ ৪৭ হাজার টাকা বাদশা আত্মসাৎ করেন।
আদালত মামলাটির তদন্তভার সিআইডি পুলিশকে দেন। সিআইডি দীর্ঘ সময় তদন্ত করে গত চার’মাস পূর্বে প্রতিবেদন দাখিল করেন। আদালত আসামী বাদশাকে সমন জারি করলেও তিনি দীর্ঘদিন আদালতে অনুপস্থিত থাকেন। ফলে সাবেক এ অধ্যক্ষের বিরুদ্ধে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ গত ১৩ জানুয়ারী বৃহস্পতিবার ২০২২ গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
আজ বাদশা স্বশরীরে আদালতে জামিনের জন্য হাজির হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেন।










