কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় নিখোঁজের এক মাস পরে ধানক্ষেত থেকে লুৎফুন্নেছা নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ১৩ ডিসেম্বর দিবাগত রাত ৯টায় উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বলতলা গ্রামের একটি ধানক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করেছে কাঠালিয়া থানা পুলিশ।
লুৎফুন্নেছা (৭০) বলতলা গ্রামের মুনসুর আলী ফরাজীর স্ত্রী। আজ সোমবার এলাকাবাসী ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে কাঠালিয়া থানার অফিসার ইনাচার্জ মোঃ মুরাদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল লুৎফুন্নেছার মরদেহ উদ্ধার করেন।
শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন জানান, গত ০৯ নভেম্বর (এক মাস) পূর্বে বৃদ্ধা লুৎফুন্নেছা বাড়ী থেকে নিখোঁজ হন। কোনো সন্ধান না পেয়ে স্বজনরা ১১ নভেম্বর কাঠালিয়া থানায় একটি সাধারন ডাইরী করেন। আজ সোমবার রাতে স্থানীয়রা ধানক্ষেতে তাঁর মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। লুৎফুন্নেছার স্বজনরা পড়নের কাপড় দেখে তাকে সনাক্ত করেন। এ সময় তাঁর শরীরে মাংষপেশি ছিলো না, শুধু কাপড়ে জড়ানো কঙ্কাল ধানক্ষেতে পরে রয়েছে। ধারনা করা হচ্ছে নিখোঁজের পর পরই তার মৃত্যু হয়।
কাঠালিয়া থানার অফিসার ইনাচার্জ মোঃ মুরাদ আলী জানান, আমিসহ পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করেছি, ঝালকাঠি জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন, মরদেহ ফরেনসিক পরীক্ষায় পাঠানোর প্রস্তুতি চলছে।










