কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর এমএল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসানের বিরুদ্ধে চাকুরীর প্রলোভন দেখিয়ে এক গৃহবধুকে ধর্ষনের অভিযোগে মামলা হয়েছে।
০৬ জুন সোমবার ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর আদালতে উত্তর চেঁচরী গ্রামের মৃত আলতাফ হোসেন খানের স্ত্রী মোসাঃ নাজমা বেগম (৩৬) এ মামলা দায়ের করেন। যার নম্বর ঝালকাঠি নারী ও শিশু ৯৮/২০২২, নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৯ (১) ধারায় মামলাটি রুজু হয়। প্রধান শিক্ষক মেহেদী হাসান উপজেলার মরিচবুনিয়া গ্রামের কাঞ্চন হাওলাদারের পুত্র।
বিচারক মামলাটি আমলে নিয়ে কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনিরকে আগামী ১২ জুলাই ২০২২ তারিখের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায় প্রধান শিক্ষক মেহেদী হাসান নাজমাকে আয়া পদে চাকুরীর প্রলোভন দেখিয়ে তাকে ঐ বিদ্যালয়ের অস্থায়ী আয়া হিসেবে কাজ করার নির্দেশ দেন। প্রধান শিক্ষকের আশ্বাসে দীর্ঘ দিন চাকুরী করে আসছেন। চাকুরীর সুবাধে প্রধান শিক্ষক প্রায়ই তাকে যৌন হয়রানী করতো। প্রধান শিক্ষক তার কাছ থেকে ২ দুই লক্ষ টাকা উৎকোচ গ্রহন করেন।
সর্বশেষ গত ২৭ মে ২০২২ তারিখ শুক্রবার মেহেদী হাসান নাজমাকে বিদ্যালয়ের অফিস কক্ষে ডাকেন। নাজমা অফিসে না আসলে স্কুল সংলগ্ন তার বাড়ীতে প্রধান শিক্ষক প্রবেশ করেন এবং এক পর্যায় তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। এর পর থেকে আয়া পদের অস্থায়ী চাকুরী স্থায়ী করা নিয়ে তালবাহানা শুরু করে এবং উৎকোচের ২ দুই লক্ষ টাকা ফেরৎ না দেয়ার হুমকি প্রদান করে।










