দেশের সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে বিধিনিষেধ আনার পর লাগাম টেনে ধরা হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরও। বৈদেশিক মুদ্রা বাঁচাতে ব্যয় সংকোচন নীতির আওতায় স্বায়ত্তশাসিত, আধা সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি, ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের সুযোগ সীমিত করে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
সোমবার (১৬ মে) বিকেলে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা শাখা থেকে পরিপত্রটি জারি করা হয়। ওই পরিপত্রে বলা হয়, অর্থ বিভাগের ১২ মে জারি করা পরিপত্রে বর্ণিত বিধিনিষেধ সব সংবিধিবদ্ধ, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, আধা সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের অর্থ ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এর আগে সরকারি কর্মকর্তাদের বিধিনিষেধের পরিপত্রে বলা হয়েছিল, কোভিড-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত সবধরনের এক্সপোজার ভিজিট, স্টাডি ট্যুর, এপিএ ও ইনোভেশনের আওতাভুক্ত ভ্রমণ এবং ওয়ার্কশপ, সেমিনারে অংশগ্রহণসহ সবধরনের বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে।’












