উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন পূর্ব আফ্রিকার দেশ মালাবির ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমা। এছাড়াও উড়োজাহাজটিতে থাকা আরও ৯ জন আরোহী নিহত হয়েছেন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, উড়োজাহাজটির স্থানীয় সময় সকাল ১০টার দিকে দেশের উত্তরে অবস্থিত মজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে উড়োজাহাজটিকে অবতরণ করতে দেয়া হয়নি। এর কিছুক্ষণ পরেই উড়োজাহাজটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে শুরু হয় উদ্ধার অভিযান।
দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা বলেছেন, ভাইস-প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজের ধ্বংসাবশেষ চিকানগাওয়ার জঙ্গলে পাওয়া গেছে। দুর্ভাগ্যবশত বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন। তিনি দুঃখ প্রকাশ করা বলেন, মালাবির নাগরিকদের এমন ভয়াবহ খবর দেয়ার জন্য তিনি গভীরভাবে দুঃখিত।
উড়োজাহাজটিতে চিলিমা ছাড়াও মালাবির সাবেক ফার্স্টলেডি শানিল দিজিমবিরিসহ মোট ১০ জন ছিলেন। তারা সবাই চারদিন আগে মারা যাওয়া দেশটির সাবেক একজন মন্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাচ্ছিলেন।












