ঝালকাঠি প্রতিনিধিঃ গত শুক্রবার ভোরে সুগন্ধ্যা নদীতে ভয়াবহ লঞ্চ দুর্ঘটনায় ৪২ জনের মৃত্যুর তিনদিন পর সোমবার উদ্ধার হওয়া একজনের মৃত দেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার হওয়া লাশটি একজন মধ্য বয়সী পুরুষের ।
এই লাশটির দাবিদার এখন দুই পক্ষ। বরগুনা থেকে আসা আব্দুল মোতালেব (৫০) এর দাবি লাশটি মোঃ হাকিম শরীফ (৪৫) এর । তার বাড়ি বরগুনা সদর উপজেলার দক্ষিণ বড়গোলা গ্রামে। আর নারায়নগঞ্জ থেকে আসা ব্যাক্তিদের দাবি লাশটি অভিযান ১০ লঞ্চের সহকারী বাবুর্চি মোঃ শাকিল মোল্ল (৩৩) পিতা-মৃত শফিউদ্দিন ইসদাইক ফতুল্লা, নারায়নগঞ্জ । শাকিল মোল্লার ছোট বোন শাহিদা আক্তার নিশা বলেন, তার বড় ভাই সুন্দরবন ১০ লঞ্চে সহকারী বাবুর্চি হিসেবে কাজ করতো । অভিযান ১০ লঞ্চ দুর্ঘটনার পর গত শুক্রবার শাকিল ভাইর বন্ধুরা ফোন করে জানায় গত প্রায় এক মাস আগে আমার ভাই সুন্দরবন ১০ লঞ্চের চাকরী ছেড়ে অভিযান ১০ যোগদান করেছে । লঞ্চে আগুন লাগার পর থেকে নিখোঁজ লঞ্চের সহকারী বাচুর্চি শাকিলের বোন সাহিদা আক্তার নিশা আরও দাবি করেন, আমরা দুই ভাইবোন। আমার ভাই এখনো বিয়ে করেনি। আগুনের খবর শুনে ভাইয়ের বন্ধুদের কাছ থেকে শুনেছি, সে এই লঞ্চে ছিল। ফেসবুকে মৃতদেহ উদ্ধারের খবর দেখে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হই, এটা আমার ভাইয়ের লাশ। গত দুই মাসে আমার সাথে ভাইয়ের কথা হয়নি । তবে তিন চারদিন আগে মায়ের সাথে কথা হয়েছে । বরগুনার বড় লবনগোলা গ্রামের আবদুল মোতালেব শরীফ দাবি করেন, তাঁর ভাই মোঃ হাকিম শরীফ ঢাকায় এসএমসি কোম্পানীতে চাকরি করতেন। ভাইয়ের স্ত্রী পাখি বেগম ও তাঁর আড়াই বছর বয়সী ছেলে নাসিরুল্লাহ ঢাকায় যান সপ্তাহখানেক আগে। মেয়ে হাফছার বিয়ের জন্য এফডিআর ভেঙ্গে টাকা নিয়ে ও পোশাক কিনে তিনজনই অভিযান ১০ লঞ্চযোগে বৃস্পতিবার বরগুনার উদ্দেশে রওয়ানা করেন। রাতে লঞ্চে আগুন লাগার পর থেকে তাঁরা তিনজনই নিখোঁজ হয়। ফেসবুকে মৃতদেহ উদ্ধারের খবর ও ছবি দেখে তিনি মৃতদেহ তাঁর ভাইয়ের বলে দাবি করেন এবং সোমবার বিকালে স্থানীয় ইউপি সদস্য কবির শরীফকে নিয়ে ঝালকাঠি আসেন। হাতের আংন্টি ও পোশাক দেখে হাকিম শরীফের বড় ভাই আবদুল মোতালেব শরীফ মৃতদেহ শনাক্ত করেন। দুই পরিবারের দাবির কারনে উদ্ধার হওয়া মৃতদেহ হস্তান্তার নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান ১০ লঞ্চে আগুন লেগে নিখোঁজদের মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা। সোমবার সকালে বিষখালী নদীর কিস্তাকাঠি এলাকা থেকে ওই ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, যেহেতু দুই পক্ষ উদ্ধার হওয়া যুবকের পরিবার দাবি করছেন, এ ব্যপারে আমাদের কিছু করার নেই । লাশ হস্তান্তরের বিষয়টি পুলিশের । ঝালকাঠি থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক আব্দুল মালেক বলেন, লাশটির ময়নাতদন্ত শেষে থানায় এনে রাখা হয়েছে । উপযুক্ত প্রমানের পরে লাশ হস্তান্তর করা হবে। প্রয়োজনে ডিএনএ পরীক্ষার পরে লাশ হস্তান্তর করা হবে। সর্বশেষ রাত সাড়ে দশটা পর্যন্ত হাকিম শরীফের ভাই মোতালেবসহ ৫ জন ঝালকাঠি থানায় অবস্থান করছিল । আর শাকিলের মামাসহ কয়েকজন ঝালকাঠির উদ্দেশ্যে মোস্তফাপুর অবস্থান করছিল ।
এদিকে লঞ্চে অগ্নিকাণ্ডেে ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের তালিকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বরগুনার জেলা প্রশাসন থেকে ঝালকাঠি জেলা প্রশাসনে পাঠানো তালিকা অনুযায়ী এখনো নিখোঁজ আছেন ৩৩ জন। এদিকে ঝালকাঠি যুব রেড ক্রিসেন্টের তালিকা অনুযায়ী নিখোঁজ রয়েছেন ৫১ জন। আর ঝালকাঠি জেলা পুলিশের তালিকায় নিখোঁজ আছেন ৪০ জন।










