মোঃ মোছাদ্দেক হাওলাদার,বরিশাল ব্যুরো
॥ করোনা মহামারীর দুই বছরের ক্রান্তিকাল কাটিয়ে এবার নিকট জনের সাথে ঈদ করতে রেকর্ড সংখ্যক মানুষ দক্ষিণাঞ্চলে ফিরছেন। এ সুযোগকে পুঁজি করেই বেসরকারী পরিবহন প্রতিষ্ঠানগুলো ভাড়া বৃদ্ধির প্রতিযোগিতা শুরু করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদ-উল ফিতরের ভীড়কে পুঁজি করে রাজধানীর সাথে দক্ষিণাঞ্চলের সড়ক, নৌ ও আকাশ পথে বেসরকারী পরিবহন প্রতিষ্ঠানগুলোর ভাড়া বৃদ্ধির মধ্যে নজিরবিহীন নৈরাজ্য চলছে আকাশ পরিবহন সেক্টরে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরদারীর অভাবে ঢাকা-বরিশাল ৬১ এ্যারোনটিক্যাল মাইলের আকাশ পথের ভাড়া দেড় হাজার কিলোমিটারের ঢাকা-ব্যাংককের প্রায় দেড়গুন। নৌ ও সড়ক পথে নৈরাজ্য চললেও এসব কিছু দেখার যেন কেউ নেই বলে অভিযোগ করেছেন সচেতন বরিশালবাসী। এমনকি সড়ক, নৌ ও আকাশ পথে রাষ্ট্রীয় পরিবহন বাণিজ্য প্রতিষ্ঠানগুলোর নজিরবিহীন উদাসীনতা ও ব্যর্থতার কারণেও বেসরকারী প্রতিষ্ঠানগুলো যাত্রীদের পকেট কাটছে বলে অভিযোগ উঠেছে।
সূত্রমতে, তিন মাস পূর্বে ডিজেলের ২৩% মূল্য বৃদ্ধির সুযোগে বেসরকারী নৌযানের ডেকে প্রায় ৪০% এবং কেবিনে ৩০% যাত্রী ভাড়া বৃদ্ধি করা হয়। এখন ঈদকে সামনে রেখে যার যেমন খুশি তেমনি ভাড়া আদায়ের প্রতিযোগিতা চলছে। একবছর আগে ঢাকা-বরিশাল নৌরুটে ডেক শ্রেণীতে দুইশ’ টাকার ভাড়ারস্থলে এখন কোন কোন নৌযানে চারশ’ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। প্রথম শ্রেণীর সিঙ্গেল কেবিন নয়শ’ টাকার পরিবর্তনে এখন দেড় হাজার টাকা, দ্বৈত শয্যার ১৮শ’ থেকে দুই হাজার টাকার কেবিন বর্তমানে ২৮শ’ টাকা এবং নানা মানের ভিআইপি কক্ষের ভাড়া ছয় হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, ঈদ উপলক্ষে ঢাকা-বরিশাল নৌপথে ২৭টি সরকারী ও বেসরকারী নৌযানে যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এমনকি ভীড় সামাল দিতে বেসরকারী নৌযানগুলো ঈদের আগের পাঁচদিন ও পরের পাঁচদিন ডবল ট্রিপেও যাত্রী পরিবহনের প্রস্তুতি নিয়েছেন। তবে রাষ্ট্রীয় বিআইডব্লিউটিসি ঘরমুখী যাত্রীদের জন্য স্বাভাবিক সময়ের সিডিউলও রক্ষা করতে পারেছে না।
সড়কপথেও বরিশালসহ দক্ষিণাঞ্চল থেকে রাজধানী ঢাকা ছাড়াও উত্তরাঞ্চল এবং পশ্চিমের খুলনা, যশোর ও সাতক্ষীরার বিভিন্ন রুটে যাত্রী পরিবহনের লক্ষ্যে বেসরকারী পরিবহন প্রতিষ্ঠানগুলো খেয়াল খুশিমতো ভাড়া বৃদ্ধি করে প্রস্তুতি চুড়ান্ত করেছে।
এরমধ্যে চরম নৈরাজ্য চলছে আকাশ পথে। ঈদকে পুঁজি করে বেসরকারী প্রতিষ্ঠানের সাথে রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থাও ভাড়া বৃদ্ধি করেছে। ঢাকা-বরিশাল সেক্টরে বর্তমানে বেসরকারী ইউএস বাংলার দুটি ছাড়াও রাষ্ট্রীয় বিমান বাংলাদেশ ও নভো এয়ারের আরো দুটি করে ফ্লাইট চলছে। ঈদকে সামনে রেখে ইউএস বাংলা ফ্লাইট না বাড়ালেও চার হাজার টাকা ভাড়ার স্থলে ১০ হাজার আটশ’ টাকায় টিকেট বিক্রি করছে। অপর বেসরকারী এয়ারলাইন্স নভো এয়ার একটির পরিবর্তে দুটি করে ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে ভাড়া নির্ধারন করা হয়েছে চার হাজার আটশ’র পরিবর্তে আট হাজার চারশ’ টাকা। আর এ অবস্থায় জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার নিয়মিত ফ্লাইটের অতিরিক্ত ২৯ এপ্রিল ও ১ মে এবং ঈদের পরে ৬ ও ৭ মে দুটি করে বিশেষ ফ্লাইট পরিচালনের ঘোষনা দিয়েছে। কিন্তু সেখানেও ভাড়া নির্ধারন করা হয়েছে স্বাভাবিক সাড়ে তিন হাজার টাকার স্থলে সাড়ে ছয় হাজার টাকা।
ফলে আসন্ন ঈদে নিকটজনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষের দূর্ভোগের সীমা থাকছে না। বেসরকারী সংস্থাগুলোর সাথে সমান তালেই সরকারী এয়ারলাইন্সও ঈদের ভীড়কে পুঁজি করে ভাড়া বৃদ্ধি করেছে। এ ব্যাপারে বেসরকারী এয়ারলাইন্সের স্থানীয় বিক্রয় অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোন মন্তব্য করতে রাজী হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, এসব বিষয়ে বিমান-এর সদর দপ্তরের কর্মকর্তারা বলতে পারবেন। সূত্রটি আরও জানায়, যাত্রীদের মধ্যে যখন টিকেটের চাহিদা বেশী থাকে তখন আকাশ পথে ভাড়া বাড়ানো হচ্ছে।










