মোঃ মোছাদ্দেক হাওলাদার,বরিশাল ব্যুারো ॥
বরিশাল মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ৫ হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদুল ফিতর উদযাপন করছেন। জেলার প্রায় অর্ধশত মসজিদে সোমবার (২ মার্চ) সকাল ৯টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
যারা এই ঈদ পালন করছেন তারা চট্টগ্রামের চন্দনাইশের জাহাগীরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী। পৃথিবীর কোন প্রান্তে চাঁদ দেখা গেলে তার সঙ্গে মিল রেখে তারা রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ যাবতীয় ধর্মীয় আচার পালন করেন। বরিশাল নগরী সহ জেলার ৫০ টি মসজিদে চন্দনাইশ দরবারের অনুসারীরা ঈদের নামাজ পড়িয়েছেন।
বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়ার চৌধুরীবাড়ী শাহসুফী মমতাজিয়া জামে মসজিদের সভাপতি মমিন উদ্দিন কালু জানান, আমাদের ওয়ার্ডে আগাম ঈদ পালন করছেন প্রায় ১ হাজার পরিবার।
বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে দক্ষিন সাগরদী,তাজকাঠীসহ আশপাশের প্রায় ৫০০ পরিবার সোমবার ঈদ পালন করছেন।
এদিকে বাবুগঞ্জের খানপুরা,কেদারপুর, মাধবপাশাসহ ৫-৬টি গ্রামের একহাজারের বেশী পরিবারে সোমবার ঈদ উদযাপিত হচ্ছে। জেলার মুলাদী,হিজলা, মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং সদর উপজেলার চন্দ্রমোহন,পতাং,লাহারহাট গ্রামের জাহাগিরি সুফী দরবারের প্রায় ২ হাজার অনুসারী রয়েছে।










