বরিশাল ব্যুরো ॥
মানুষ মানুষের জন্য কলামে গত ১৪ এপ্রিল বিভিন্ন দৈনিক পত্রিকায় “বিভিন্ন রোগে আক্রান্ত আলমকে বাঁচাতে সাহায্য করুন” শিরোনামে প্রকাশিত সংবাদটি নজরে এসেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র।
পরবর্তীতে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র নির্দেশে অসুস্থ্য ঝালমুরি বিক্রেতা ছিন্নমূল অসহায় আলম শরীফের পরিবারের জন্য শনিবার সকালে মন্ত্রী’র ব্যক্তিগত অর্থায়নে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে গৌরনদী পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার বলেন, মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি অসুস্থ আলম শরীফের চিকিৎসার সকল দায়িত্ব নিয়েছেন। খুব শীঘ্রই তার (আলম শরীফ) উন্নত চিকিৎসার সবধরনের ব্যবস্থা করা হবে।
প্রাথমিকভাবে অসহায় পরিবারটির জন্য মন্ত্রী’র ব্যক্তিগত অর্থায়নে নগদ দশ হাজার টাকা ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের একমাত্র রাজনৈতিক অভিভাবক মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র পরামর্শে ছিন্নমূল আলম শরীফের পরিবারকে স্থায়ী পূর্ণবাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মহাসড়কের পাশের ছিন্নমূল পরিবারের একমাত্র উপার্জনক্ষম তিন সন্তানের জনক আলম শরীফ (৫০) হৃদরোগ ও লিভারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অর্থাভাবে বিনাচিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন।










