কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসায় দুষ্কৃতিকারীদের হামলায় ৬ জন রোহিঙ্গা নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।গতকাল শনিবার রাতে নিহত রোহিঙ্গা আজিজুল হকের পিতা নুরুল ইসলাম বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে এবং ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে এ মামলা দায়ের করেছেন উখিয়া থানায়।
অপরদিকে মামলার এজাহারভুক্ত ৫ আসামীসহ ১০ জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা শিবিরে দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (পুলিশ সুপার) মোহাম্মদ সিহাব কায়সার খান।
তিনি জানান, হত্যাকান্ডের পরপরই এপিবিএন সদস্যরা তাৎক্ষনিক অভিযান চালিয়ে হামালাকারীদের একজন ওই ক্যাম্প-১১ এর ব্লক-এ/২ এর বাসিন্দা আবুল কালামের ছেলে মুজিবুর রহমান (১৯) কে অস্ত্রসহ আটক করা হয়। এছাড়াও গতকাল শনিবার দিনভর রোহিঙ্গা শিবিরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ১০ জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে এজাহারভুক্ত আসামী আছে ৫ জন।
গ্রেফতারকৃতরা হলো, এজাহারভুক্ত আসামী মজিবুর রহমান (১৯), দিলদার মাবুদ ওরফে পারভেজ (৩২), মোহাম্মদ আইয়ুব (৩৭), ফেরদৌস আমিন (৪০), আব্দুল মজিদ (২৪) এবং সন্দেহভাজন মোহাম্মদ আমিন(৩৫), মোহাম্মদ ইউনুস ওরফে ফয়েজ(২৫), জাফর আলম (৪৫), মোহাম্মদ জাহিদ (৪০) ও মোহাম্মাদ আমিন (৪৮)।
গত শুক্রবার (২২ অক্টোবর) ভোরে উখিয়ার ১৮ নং রোহিঙ্গা শিবিরের ব্লক এইস ৫২ এর ক্যাম্প-১৮ এইচ-৫২ ব্লকে অবস্থিত ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ’ মাদ্রাসায় রোহিঙ্গা দুষ্কৃতিকারীরা হামলা চালায়। এসময় তারা গুলি করে ও কুপিয়ে হত্যা করে মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ ৬ জনকে।










