জনতার খবর ডেস্কঃ বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাব এবং প্রেস ক্লাব অব ইন্ডিয়ার (দিল্লি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এ অনুযায়ী দুই ক্লাবের সদস্যরা পরস্পরের ক্লাবে সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবেন। চুক্তিতে স্বাক্ষর করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি উমাকান্ত লাখারিয়া।
জাতীয় প্রেস ক্লাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রেস ক্লাব অব ইন্ডিয়ার আমন্ত্রণে ক্লাব চত্বরে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার স্থাপন অনুষ্ঠানে যোগ দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। গত ৭ সেপ্টেম্বর দুই দেশের ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল বিনয় কুমার, সাবেক সভাপতি গৌতম লাহিড়ীসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ২১ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় সমঝোতা স্মারকপত্রটি ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খানের হাতে তুলে দেন সভাপতি ফরিদা ইয়াসমিন।












