জনতার খবর ডেস্কঃ বাজারে অতিরিক্ত তারল্য নিয়ন্ত্রণের মাধ্যমে মুদ্রাবাজারে স্থিতিশীলতা বাজায় রাখতে একদিনে রেকর্ড ৭ হাজার ৫৭০ কোটি টাকা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৫ সেপ্টেম্বর রবিবার এই টাকা তোলা হয়েছে। নিলামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বাংলাদেশ নিবাসী সব ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বিড দাখিল করতে পারলেও ব্যাংকগুলোই এ নিলামে অংশ নিয়েছে বেশি।
চলতি মাসের ১ তারিখ সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে নিলামের বিষয়ে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। তারই অংশ হিসেবে রবিবার ৫ সেপ্টেম্বর নিলাম অনুষ্ঠিত হয়। এছাড়া আগামী ৯ ও ২১ সেপ্টেম্বর ৭ ও ১৪ দিন মেয়াদি বিলের নিলাম হওয়ার কথা রয়েছে। ৭, ১৯ ও ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ৩০ দিন মেয়াদি বিলের নিলাম।
প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর গত আগস্টে বাংলাদেশ ব্যাংক বিলের নিলাম ডেকে ১৯ হাজার ৬৪৬ কোটি টাকা তোলা হয়। ৭, ১৪ ও ৩০ দিন মেয়াদি বিলে পাঁচদিনের নিলামে অংশ নিয়ে এই পরিমাণ টাকা রাখে বাংলাদেশ ব্যাংক। গত ১১ আগস্ট একদিনে সর্বোচ্চ ৬ হাজার ৭০ কোটি টাকা তোলা হয়। ওই দিন ৩০ দিন মেয়াদি বিলে শূন্য দশমিক ৫৪ শতাংশ সুদে এ পরিমাণ অর্থ তোলা হয়। গত আগস্টের আগে সর্বশেষ ২০১৯ সালের ৩ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক বিলের নিলাম হয়।
কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, করোনা’র কারণে আশানুরূপ ঋণ চাহিদা না থাকায় গত জুন শেষে সিআরআর সংরক্ষণের পর ব্যাংকগুলোতে ৬২ হাজার ৫০০ কোটি টাকা অলস পড়ে আছে। একই সময়ে উদ্বৃত্ত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার কোটি টাকা। এই অর্থ যেন অনুৎপাদনশীল খাতে গিয়ে মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি করতে না পারে সেজন্য কেন্দ্রীয় ব্যাংক এই টাকা তুলে নিচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের ফলে বাজারে তারল্য কমে আমানতের সুদ বাড়তির দিকে রয়েছে।












