জনতার খবর ডেস্ক:
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার সকালে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এই তথ্য জানান। ডিএমপি’র নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা ৫ হাজার ৭৪৪ পিস ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন, ১৭ কেজি ৫ গ্রাম গাঁজা ও ৩৩৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৯টি মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।












