জনতার খবর ডেক্সঃ ২০২০-২১ সালের বর্ষসেরা ফুটবলারের তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে উয়েফা। জায়গা হয়নি মেসি-রোনালদোর। সেরার তালিকায় আছেন চেলসির জর্জিনিয়ো, এনগালো কান্তের সঙ্গে আছেন ম্যানসিটির কেভিন ডি ব্রুইনা।
সেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন থমাস টুখেল, গার্দিওলা আর ইতালিকে ইউরো জেতানো রাবার্তো মানচিনি। সেরা তিন নারী ফুটবলারের তালিকায় বার্সেলোনার জয়-জয়কার। এই তালিকার সেরা তিনজন হলেন-হার্মোসো, মার্টিনস আর অ্যালেক্সিয়া।
কালে কালে তো বেলা গেলো অনেক। তবে কি এবার ইতি টানার অপেক্ষা। তবে কি বুড়ো হয়ে যাওয়া মেসি রোনালদোর যুগ আসলেই শেষ। লিডার বোর্ডে নতুনদের দাপট অন্তত তাই বলে। গত মৌসুমে লিওনেল মেসি ও নেইমার ভোটের হিসাবে সমান পয়েন্ট পেয়ে যৌথভাবে চতুর্থ হয়েছিলেন। ক্রিস্টিয়ানো রোনালদো হয়েছিলেন দশম।
শীর্ষ ১০ জন থেকে সেরা ৩। প্রকাশিত হলো উয়েফার এবারের মৌসুমের ফুটবলার ও কোচের তালিকা। সিরি’আ, লা লিগা, বুন্দেসলিগা, লিগ ওয়ানকে টপকে যেখানে জয় জয়াকার ইপিএলের। সেরা তিন ফুটবলারদের তিনজনই সেখানের।
বার্সেলোনা থেকে কয়েক দিন আগে পিএসজিতে যাওয়া আর্জেন্টাইন মহাতারকা মেসি পেয়েছেন ১৪৮ ভোট, গত বছরের ফিফা বর্ষসেরা ফুটবলার বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোস্কি ১৪০ ভোট পেয়ে হয়েছেন পঞ্চম।
প্রথম নামটা প্রত্যাশিতভাবেই চেলসির গত মৌসুমের তুরুপের তাস জর্জিনিয়োর। চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন করতে বড় অবদান ছিল জর্জির। শুধু তাই নয় ব্লু’দের হয়ে জিতেছেন উয়েফা সুপার কাপও। ইতালিকে জিতিয়েছেন ইউরো শিরোপা। এই তিন ট্রফি, সেরা ফুটবলারের দৌড়ে এগিয়ে রাখছে জর্জিনিয়োকে।
জর্জির প্রতিদ্বন্দ্বী হয়ে আছেন তারই ক্লাব সতীর্থ এনগালো কান্তে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে চেলসির হয়ে যিনি ছড়িয়েছেন দ্যুতি। তালিকার অন্য নামটা ম্যানসিটিকে লিগ টাইটেল জেতানো কেভিন ডি ব্রুইনার। সেরা দশে থাকা মেসি ১৪৮ পয়েন্ট নিয়ে চতুর্থ আর মোটে ১৬ পয়েন্ট নিয়ে ক্রিস্টিয়ানোর অবস্থান নবম। পরবর্তী নামগুলো যথাক্রমে লেওয়ানডস্কি, ডোন্নারুম্মা, এমবাপ্পে আর রহিম স্টার্লিংয়ের।
নজর দেওয়া যাক সেরা কোচদের তালিকায়। সেরা তিনের আলোচনায় শীর্ষে রেকর্ড গড়ে ইতালিকে ইউরোর ট্রফি জেতানো মাস্টার মাইন্ড ম্যানচিনি। বাকি দুই সিটি গুরু পেপ গার্দিওলা আর চেলসি ম্যানেজার থমাস টুখেল।
নারী ফুটবলারদের তালিকায় শীর্ষ তিনে তিনজনই বার্সেলোনার। হার্মোসো, মার্টিনস আর শেষ নামটা উইঙ্গার অ্যালেক্সিয়া পুটেলাস। ২৬ আগস্ট তুরস্কের ইস্তাম্বুলে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।












