জনতার খবর ডেক্স:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, প্রতিটি নাগরিকের জন্য বিনামূল্যে ও মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এজন্য বিএনপি ক্ষমতায় এলে সারাদেশে একটি শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক গড়ে তোলা হবে।
রোববার সকালে তিনি রাজধানীর মিরপুরের পল্লবীতে ইউনিসেফের সহযোগিতায় পরিচালিত আলো ক্লিনিক পরিদর্শন শেষে এ কথা বলেন। আলো ক্লিনিক আশপাশের বস্তি এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ২৪ ঘণ্টা মাতৃ ও শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, টিকাদান এবং সাধারণ চিকিৎসাসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে দিয়ে আসছে।
ড. হায়দার বলেন, “প্রাথমিক স্বাস্থ্যসেবা বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার মূল ভিত্তি হলেও দীর্ঘদিন ধরে তা অবহেলিত হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও শহুরে এলাকায় মানসম্পন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলা হবে। প্রতিটি নাগরিককে ডিজিটাল হেলথ কার্ড দেওয়া হবে, যা ইলেকট্রনিক স্বাস্থ্য নথি ও রেফারেল সিস্টেমের সাথে সংযুক্ত থাকবে।”
তিনি আরও জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবা টেকসই করতে শহুরে স্বাস্থ্যসেবা কার্যক্রমকে সম্পূর্ণভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একীভূত করার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয় নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতের বিভাজন দূর করতে একটি একীভূত জাতীয় স্বাস্থ্য অধিদপ্তর গঠন করা হবে।
বিএনপির এই উপদেষ্টা বলেন, “আমরা প্রতিশ্রুতিবদ্ধ—কোনও নাগরিক যেন মানসম্মত চিকিৎসা সেবার অভাবে প্রাণ না হারান। এজন্য স্বাস্থ্যসেবার বাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে। মাতৃ ও শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, টিকাদান এবং অসংক্রামক রোগ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে।”
তিনি আরও বলেন, আলো ক্লিনিকের মতো উদ্যোগ প্রমাণ করেছে যে সঠিক বিনিয়োগ, কৌশলগত সহযোগিতা ও নীতিগত প্রতিশ্রুতি থাকলে দেশের প্রতিটি মানুষের কাছে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব। বিএনপি এই অভিজ্ঞতাকে সারাদেশে প্রসারিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।










