বিনোদন ডেস্ক:
বলিউডের প্রয়াত কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু রক্তচাপজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে আছেন তিনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অসুস্থতার কারণে তিনদিন আগে হাসপাতালে ভর্তি হন সায়রা বানু। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার (১ সেপ্টেম্বর) সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে বিশেষ যত্নে চলছে তার চিকিৎসা।
চিকিৎসকরা জানিয়েছেন, সায়রা বানুর শারীরিক অবস্থা সংকটজনক। এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।এ হাসপাতালেই ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন অভিনেত্রীর স্বামী দিলীপ কুমার। বার্ধক্যজনিত দীর্ঘ রোগভোগের পর গেলো ৭ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। দিলীপ কুমারের মৃত্যুতে দীর্ঘ কয়েক দশকের দাম্পত্যে দাড়ি টানতেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সায়রা বানু।শেষকৃত্যের পর অভিনেত্রী জানিয়েছিলেন, ‘আল্লাহ আমার বেঁচে থাকার কারণ কেড়ে নিলেন। ‘সাহাব’কে ছাড়া আমি কিছু ভাবতে পারি না।’উল্লেখ্য, সায়রা বানুর জন্ম ১৯৪৪ সালের ২৩ আগস্ট উত্তরাখণ্ডের মিসৌরীতে। তিনি ষাটের দশকের গোড়ার দিকে অভিনয় শুরু করেছিলেন। ১৯৬৩ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি হিন্দি সিনেমার তৃতীয় সর্বোচ্চ সম্মানী পাওয়া অভিনেত্রী ছিলেন। এছাড়া সত্তরের দশকেও তার অবস্থান ছিল দাপুটে।ছোট বেলা থেকে দিলীপ কুমারের ভক্ত ছিলেন সায়রা বানু। এরপর নায়িকা হয়ে প্রিয় অভিনেতাকে সহশিল্পী হিসেবে পান। ‘ঝুঁক গায়া আসমান’ সিনেমার সেটে সায়রাকে বিয়ের প্রস্তাব দেন দিলীপ কুমার। তখন সায়রা বানুর বয়স ছিল ২২ বছর, অন্যদিকে দিলীপ ছিলেন ৪৪ বছর বয়সী। তবে বয়সের বাধা টপকে ভালোবাসাকে পুঁজি করে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের পরেও ১০ বছর অভিনয় করেন তিনি।












