জনতার খবর ডেক্সঃ
তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে কোনো লাভ নেই উল্লেখ করে বিএনপি’র উদ্দেশে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার আর কখনও হবে না। সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ সরকারের অধীনেই হবে আগামী সংসদ নির্বাচন।’
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ভোলার চরফ্যাশন উপজেলার ব্রজগোপাল টাউন হলে সাবেক এমপি অধ্যক্ষ মরহুম এম এম নজরুল ইসলাম-এর ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, নির্বাচন কমিশন কোনো দলের অধীনে নয়। নির্বাচন কমিশন স্বাধীন। স্বাধীনভাবেই তারা নির্বাচন পরিচালনা করে থাকে।
তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি নেতারা বলেছিলেন পদ্মা সেতু হবে না। কিন্তু শেখ হাসিনা’র সরকার সেই পদ্মা সেতু বানিয়ে দেখিয়েছে। আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন বিএনপি নেতারা এই পদ্মা সেতুর উপর দিয়ে যাতায়াত করবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। এতে ভোলা জেলা প্রশাসক তৌফিক এলাহি চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












