ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর মিল ভ্যালি চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেল অমিতাভ রেজা পরিচালিত ‘রিকশা গার্ল’ ছবিটি। আগামী ৯ অক্টোবর মিল ভ্যালি চলচ্চিত্র উৎসবে ছবিটি দেখানো হবে। উত্তর আমেরিকার উৎসবটি ৭ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে। অমিতাভ রেজা বলেন, ‘রিকশা গার্ল ছবির কলাকুশলীদের জন্য মিল ভ্যালি চলচ্চিত্র উৎসব বেশ গুরুত্বপূর্ণ। কারণ, মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ উপন্যাসটি উত্তর আমেরিকায় বিপুল সমাদৃত। ফলে এ অঞ্চলের দর্শকরা চলচ্চিত্রটি দেখার অপেক্ষায় আছেন বহুদিন। এ কারণে চলচ্চিত্রটি নির্মাণের সময় প্রযোজক এরিক জে অ্যাডামস তার দর্শকের কথা বিশেষভাবে মাথায় রেখেছিলেন।’ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘রিকশা গার্ল’-এ অভিনয় করেছেন নভেরা, মোমেনা চৌধুরী, চম্পা, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।
অন্যদিকে কান ও বুসানের পর নতুন সুখবর নিয়ে এলো আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট অব লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের (বিএফআই) ‘ডিবেট সেকশনে’ ছবিটি দেখানো হবে। ফেস্টিভ্যাল শুরু হবে ৬ অক্টোবর, চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। বিএফআইর ৬৫তম উৎসবে মোট ১৫৯টি সিনেমা নির্বাচিত করেছে। সিনেমাটির বাংলাদেশের প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘ডিবেট সেকশন শাখার সিনেমা প্রদর্শনের পর সমালোচকরা সিনেমাটি নিয়ে আলোচনা করেন। এটা অনেক সম্মানের। আমরা খুশি সিনেমাটি বিএফআইতে দেখানো হচ্ছে। তবে সিনেমাটি অনলাইনে কেউ দেখতে পারবেন না। সরাসরি উৎসবে গিয়ে দেখতে হবে।’
‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ বিবার
সংগীতের অন্যতম সম্মানজনক আয়োজন ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড’। বিশ্ব সংগীতের বড় তারকাদের দ্যুতি ছড়ানোর মধ্য দিয়ে গত রবিবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল এবারের আসর। ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন জাস্টিন বিবার। আরিয়ানা গ্র্যান্ডে, দোজা ক্যাট, মেগান দি স্ট্যালিওন, অলিভিয়া রদ্রিগো এবং টেইলর সুইফটকে হারিয়ে এই পুরস্কার নিজের দখলে নিয়েছেন বিবার। পুরস্কার গ্রহণ করার সময় বিবার মহামারীর কঠিন সময়ের কথা স্মরণ করেছেন। তিনি আরও বলেন, ‘আমার সুন্দর স্ত্রীকে (জনপ্রিয় মডেল হেইলি) দেখতে পাচ্ছি। আমি শুধু বলতে চাই, আমি তোমাকে খুব ভালোবাসি।’ এ বছর সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া শিল্পীদের একজন ছিলেন বিবার। ৯টি মনোনয়ন পেয়েছিলেন এই পপ তারকা। ‘বেস্ট পপ অ্যাওয়ার্ড’ও জিতেছে জাস্টিন বিবার ফিচারিং ড্যানিয়েল কেসারের ‘পিসেস’ গানটি। সেরা মিউজিক ভিডিও হয়েছে লিল ন্যাস এক্সের ‘মন্টেরো’। সেরা গান, নতুন শিল্পী ও পুস পারফরমেন্স পুরস্কার পেয়েছে অলিভিয়া রদ্রিগোর ‘ড্রাইভার লাইসেন্স’। সেরা যৌথ গান ‘কিস মি মোর’ দোজা ক্যাট ফিচারিং এসজেডএ। সেরা হিপহপ গান ট্রেভিস স্কট ফিচারিং ইয়ং থাঙের ‘ফ্র্যান্সাইস’। সেরা কে পপ গান বিটিএসের সাড়া জাগানো গান ‘বাটার’।
বাগদান সারলেন ব্রিটনি
ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আসগরির বাগদান হয়েছে। রবিবার ইনস্টাগ্রামে এই খবর নিজেরাই জানিয়েছেন তারা। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবি এবং ভিডিওতে ব্রিটনির হাতে বাগদানের হীরার আংটি দেখা গেছে। ক্যাপশনে ব্রিটনি লিখেছেন, ‘বিশ্বাস হচ্ছে না।’ স্যাম ইনস্টাগ্রাম স্টোরিতে প্রথমে লিখেছেন ‘বড় খবর আসছে।’ এর পরেই তিনি ব্রিটনির হাতের আংটি দেখানো একটি ছবি শেয়ার করেছেন। এই যুগলের ছবি এবং ভিডিও ভরে গেছে ভক্তদের ভালোবাসা ও শুভ কামনায়। শুভেচ্ছা জানিয়েছেন প্যারিস হিলটন, উইলি গোমেজসহ ব্রিটনির কাছের বন্ধুরা। ২০১৬ সালে ‘স্লামবার পার্টি’ মিউজিক ভিডিওর সেটে স্যামের সঙ্গে পরিচয় হয় ব্রিটনির। এরপর বন্ধুত্ব ও প্রেম। চার বছর প্রেমের পরে বাগদান হলো তাদের।












