ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় একটি আয়রণ ব্রিজ ভেঙে তিন দিন ধরে তিন উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে রাজাপুর, ভান্ডারিয়া ও কাঠালিয়া এ তিন উপজেলার সাথে সংযোগ ব্রিজ। এটি ভেঙ্গে পড়ায় এ এলাকার কয়েক হাজার মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে । বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে খেয়ায় পারাপার হচ্ছেন স্থানীয়রা। জনপ্রতি দিতে হচ্ছে ৫ টাকা।
গত ৯ আগস্ট রোববার সকালে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী মীরেরহাট থেকে আরুয়া-সোনারগাঁও সড়কের সংযোগ সড়কের জালাবাড়ি খালের ওপরের ব্রিজটিতে বালুবাহী একটি জাহাজ ধাক্কা দিলে সেটি ভেঙে পড়ে যায়। পরে জাহাজটি উদ্ধার করে সরিয়ে নেওয়া হলেও ব্রিজটি সংস্কার না হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, ব্রিজটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। দীর্ঘদিন ধরে এটি সংস্কারের প্রয়োজন হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
ব্রিজে ধাক্কা দেওয়া জাহাজটির মালিক উপজেলার বড়ইয়া ইউনিয়নের সোনারগাঁও মো. বাদশা সিকদার।
স্থানীয়দের দাবি, দ্রুত ব্রিজটি সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করার পাশাপাশি বালুবাহী জাহাজের চলাচল নিয়ন্ত্রণ ও নৌপথে নজরদারি বাড়াতে হবে।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, স্থানীয়দের দুর্ভোগ লাঘব করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, জাহাজের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।