ঝালকাঠি প্রতিনিধিঃ
গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ ১১ দফা দাবিতে ঝালকাঠিতে স্মারকলিপি দিয়েছেন ১১ দলীয় ঐক্যজোটের নেতারা। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ স্মারকলিপি জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, সদর উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদার, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম বাবুসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, জনদুর্ভোগ লাঘবে গ্যাস সংকট নিরসন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও ভুতুড়ে বিল বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণসহ ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন তারা।











