নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার দেলদুয়ার গ্রামের গর্বিত সন্তান রিয়াজ হাওলাদার সম্প্রতি ফিনল্যান্ডের একটি সিটি করপোরেশনের নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন। তাঁর এই ঐতিহাসিক অর্জন বাংলাদেশের জন্য এক গর্বের বিষয়।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাতটায় তিনি ঝালকাঠি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় প্রেসক্লাবের সদস্যরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সাফল্যের গল্প শুনে অনুপ্রাণিত হন। উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজি খলিলুর রহমান, সহ সভাপতি তালুকদার আল আমিন, সাধারণ সম্পাদক আক্কাস সিকদারসহ সদস্যরা।
রিয়াজ হাওলাদার বলেন, “আমি সবসময় আমার দেশের মানুষের সম্মান ও মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করে যেতে চাই। প্রবাসে থেকেও আমি আমার শিকড়কে ভুলিনি।” তিনি আরো জানান, ভবিষ্যতে বাংলাদেশ ও ফিনল্যান্ডের মধ্যে সংস্কৃতি ও উন্নয়নমূলক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর।










