ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বাড়ির সীমানায় বেড়া দেয়াকে কেন্দ্র ঝগড়া-বিদাবের সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ, শাবলের আঘাতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, ময়না তদন্ত করে মৃত্যুর কারণ অনুন্ধান করা হবে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরে শহরের কৃষ্ণকাঠি এলাকার মল্লিক বাড়িতে চাচাতো ভাইদের সাথে জমি নিয়া বিরোধে জড়িয়ে পড়েন একই বাড়ির মোঃ সমির মল্লিক। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে জেলা সদর হাসপাতালে আনা হয়। তবে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সমির মল্লিকের পরিবার অভিযোগ করেছেন, চাচতো ভাইদের শাবলের আঘাতে সমিরের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, সুরতহালে শরীরের ওপরে আঘাতের দৃশ্যমান চিহ্ন পাওয়া যায় নি। তবে ময়না তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা হবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।










