কুমিল্লার মুরাদনগরে জুমার খুতবায় আজান দেওয়া নিয়ে মুসল্লিদের সংঘর্ষে আবু হানিফ খান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কুড়াখাল গ্রামের কুড়াখাল কেন্দ্রীয় জামে মসজিদে এই ঘটনা ঘটে।
নিহত আবু হানিফ খান কুড়াখাল গ্রামের আবদু খানের ছেলে।
এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৭ জন মুসল্লি আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি চার জন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা রয়েছেন।
বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমীন সংবাদমাধ্যমকে জানান, কুড়াখাল কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা অনেক দিন থেকেই দুইভাগে বিভক্ত। মসজিদের নানান বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে শুক্রবার জুমার নামাজে খুতবায় আজান জোরে এবং আস্তে দেওয়া নিয়ে মতবিরোধ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে মুসল্লিদের দুই পক্ষ। এতে আবু হানিফ খান নামে একজন নিহত হন। আহত হয় আরও অন্তত ৭জন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার সংবাদমাধ্যমকে বলেন, মুসল্লিদের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি পুলিশ তদন্ত করছে।










