ঢাকার প্রবেশপথে কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি নেতাকর্মীরা। ধোলাইখালে সংঘর্ষের পর আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও গাবতলী থেকে আমানউল্লাহ আমানকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ।
শনিবার সকাল ১১টায় ধোলাইখালে অবস্থান কর্মসূচি পালনে গয়েশ্বরের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হলে তাদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। সেখান থেকে আহত অবস্থায় গয়েশ্বরকে আটক করেছিল পুলিশ।
এরপর বিকাল সাড়ে ৩টার দিকে গয়েশ্বর রায় পুলিশ হেফাজত থেকে মুক্ত হয়ে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে উপস্থিত হন।
এরপর যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গয়েশ্বর চন্দ্র রায়কে ছেড়ে দেওয়া হয়।”
অনুমতি না নেওয়ায় সকালে গাবতলী এলাকার সড়ক থেকে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দেয় পুলিশ। বাবুবাজার, নয়াবাজার ও আবদুল্লাহপুরে কঠোর অবস্থানে ছিল তারা। চার প্রবেশপথেই পুলিশের সঙ্গে থেকে থেমে হয়েছে সংঘর্ষ।
এতে সেসব এলাকায় ব্যাহত হয়েছে যান চলাচল। গাবতলীতে সংঘর্ষের পর আমানুল্লাহ আমানসহ আটক হন অন্তত ২৫ জন।












