ঝালকাঠি প্রতিনিধি:|
ঝালকাঠিতে গাছ উপহার দেওয়ার ইভেন্ট ‘ক্যাপ্টেন প্লানেট’ কর্মসূচিতে শতাধিক গাছের চাড়া বিতরন করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় ঝালকাঠি শহরের কালেক্টরেট স্কুলের ক্যাম্পাসে পরিবেশ রক্ষা ও ফলদ গাছ বৃদ্ধির লক্ষ্যে এই গাছের চারাগুলো বিতরণ ও রোপন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ও কালেক্টরেট স্কুলের সভাপতি আশরাফুর রহমান। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও স্কুলের প্রধান শিক্ষক (অতিরিক্ত দায়িত্ব) শাকিলা রহমান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুজিত কান্তি বসু, এবং অ্যাডভোকেট আসম মাহমুদুর রহমান পারভেজ।
এই কর্মসূচির উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামসুল হক মনু বলেন, গাছ লাগানো ছদকায়ে জারিয়া, যতদিন বাঁচব বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাবো। এক সময় এই গ্রামে প্রচুর গাছ ছিল। এখন ফলদ গাছের বড় অভাব। তাই পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমি প্রায় প্রতি বছরই গাছের চাড়া বিতরন করি এবং এটা অব্যাহত থাকবে।
ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, গাছ শুধু পরিবেশ নয়, মানবজীবন রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।










