উপজেলা প্রতিনিধি, কাঠালিয়া (ঝালকাঠি):
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পর্যটন কেন্দ্র ছৈলার চরে ঘুরতে এসে মারধর ও ছিনতাইয়ের শিকার হয়েছেন আবু হাসান নামে এক পর্যটক। এ ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা মো. অলিউল্লাহ আহাদ ও তার ভাগিনা সায়েমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
শুক্রবার (৬ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মং চেনলা।
জানা গেছে, আবু হাসান তার দুই সন্তানকে নিয়ে ছৈলার চরে ঘুরতে গেলে অতর্কিতভাবে মো. অলিউল্লাহ আহাদ ও
সায়েমসহ আরও ১০-১২ জন সন্ত্রাসি তার ওপর হামলা চালান। হামলার সময় তারা আবু হাসানের সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
ঘটনার প্রতিবাদ জানালে পরদিন শনিবার (৭ জুন) রাত আনু: ৮:৩০ টাে সময় আবু হাসানের বড় ভাই মো. হায়দার আলীকে ফের হামলার শিকার হতে হয়। সায়েমের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে মারধর করে গুরুতর আহত করে। বর্তমানে তিনি কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী আবু হাসান কাঠালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ও তার ভাই হায়দার আলী কাঠালিয়া উপজেলার মশাবুনিয়া গ্রামের মতিউর রহমানের ছেলে। অভিযুক্ত অলিউল্লাহ আহাদ একই গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে এবং সায়েম হেতালবুনিয়া গ্রামের শাহ আলমের ছেলে।
এ বিষয়ে ওসি মং চেনলা জানান, “ঘটনার পর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”










