বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ এবার ৫০ হাজার বছরে একবার পৃথিবী ও সূর্যের কাছে আসে এমন একটি ধূমকেতু আগামী সপ্তাহগুলোতে পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে। ফলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে খালি চোখেই ধূমকেতুটি দেখা যাবে।
আজ শনিবার ৭ জানুয়ারি আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি ধূমকেতুটি পৃথিবীর সবচেয়ে নিকটে থাকবে।তখন বাইনোকুলারের সাহায্যে বা খালি চোখেই রাতের আকাশে এটি দেখা যাবে, যদি শহরাঞ্চলের বৈদ্যুতিক আলো বা চাঁদের আলো বেশি উজ্জ্বল না হয়।
তবে ওই সময়ে পূর্ণিমার কারণে ধূমকেতুটি দেখা কঠিন হয়ে পড়তে পারে বলে ২১ ও ২২ জানুয়ারি এটিকে দেখার সবচেয়ে ভালো সময় হতে পারে বলে জানিয়েছেন প্যারিস অবজারভেটরির জ্যোতিরপদার্থবিদ নিকোলাস বিভার।
এদিকে ক্যালিফোর্নিয়াভিত্তিক জুইকি ট্রানজিয়েন্ট ফ্যাসিলিটির নাম অনুসারে ধূমকেতুটির নাম রাখা হয়েছে সি/২০২২ ই৩ (জেডটিএফ)।
গত বছরের মার্চে জুপিটারকে অতিক্রম করার সময় এটিকে প্রথম লক্ষ্য করে জুইকি ট্রানজিয়েন্ট ফ্যাসিলিটি। বিভার জানান, ধূমকেতুটি বরফ ও ধুলাবালির সমন্বয়ে গঠিত এবং এটি এক ধরণের সবুজাভ আলো বিকিরণ করে।
ধূমকেতুটির ব্যাস মাত্র এক কিলোমিটার। অর্থাৎ পৃথিবী থেকে দেখতে পাওয়া সর্বশেষ দুইটি ধূমকেতুর চেয়ে আকারে অনেকটাই ছোট এটি। এর আগে ২০২০ সালের মার্চে নিওওয়াইজ ও ১৯৯৭ সালে হেল-বপ নামের ধূমকেতু পৃথিবী থেকে খালি চোখে দেখা গিয়েছিল। হেল-বপের ব্যাস ছিল প্রায় ৬০ কিলোমিটার।
তবে আকারে ছোট হলেও এই ধূমকেতুটি পৃথিবীর অনেক কাছে আসবে বলে সেটিকে খালি চোখে দেখতে পাওয়া যাবে। এই ধূমকেতুটি উর্ট মেঘ থেকে এসেছে বলে ধারণা করা হয়, যেটি পৃথিবীর সৌরজগতের চারপাশে অবস্থিত রহস্যময় বরফ দিয়ে গঠিত বিশাল গোলক। এর আগে এই ধূমকেতুটি সর্বশেষ পৃথিবীর কাছে এসেছিলো প্রায় ৫০ হাজার বছর আগে, আপার প্যালিওলিথিক যুগে।












