জনতার খবর ডেস্কঃ আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ২৫ জুন পদ্মা সেতু সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে না বলে জানিয়েছেন সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন। ৮ জুন বুধবার বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেতু বিভাগ আয়োজিত পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভায় একথা জানান তিনি।
সেতু বিভাগের সচিব বলেন, ২৫ তারিখ পদ্মা সেতু পার হওয়ার জন্য অনেকের মধ্যে আগ্রহ আছে, কিন্তু ওই দিন প্রধানমন্ত্রী উদ্বোধন শেষে চলে আসার পর যেকোনো সময় প্রজ্ঞাপন দিয়ে বা গণবিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে কখন পদ্মা সেতু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
মঞ্জুর হোসেন আরও বলেন, ২৫ জুন সকাল ১০টায় মাওয়া প্রান্তে সুধী সমাবেশের পরে পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেতু পার হয়ে জাজিরা প্রান্তে গিয়ে নামফলক উদ্বোধন করবেন তিনি। সেখানে কাঁঠালবাড়ী ঘাটে আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।












