জনতার খবর ডেক্স:
কাঠালিয়া শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও টানা ৩বারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদ হোসেন রিপনের ব্যাক্তিগত অফিস ভাংচুর করেছে শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড বিএনপির সভাপতি মো.সামসুল আলম । বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেন শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন।
অভিযোগ অস্বীকার করেন বিএনপির ওয়ার্ড সভাপতি সামসুল আলম। তবে এ ভাংচুরের জন্য বিএনপি নেতা সভাপতি সামসুল আলমকে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক নোটিশে সভাপতি পদ স্থাগিত করেছেন।
গত ৫ আগষ্ট সোমবার বিকেলে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের সেন্টারের হাটে এ ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন জানান, তিনি টানা ৩বার নির্বাচিত চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। সুনামের সাথে ইউনিয়ন পরিষদ পরিচালনা করে ১১বার জেলায় ও ১বার বিভাগে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। গত সোমবার (৫আগষ্ট) বিকেলে সেন্টারে হাটের সাবেক চেয়ারম্যান মরহুম মকিম আলী খান কমিউনিটি সেন্টারে তার বৈকালিন অফিসে হামলা হয়। তারই পরিষদের মেম্বার ও বিএনপি নেতা সামসুল আলমের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। এসময় তার অফিস ভাংচুর করা হয়। অফিসের মধ্যে চেয়ার, টেবিল, সোফা, সিসি ক্যামেরা আলমিরা ও ভাংচুর করে এবং নথিপত্র, ল্যাপটপ, কম্পিউটার নিয়ে যায়।
অভিযুক্ত ইউপি মেম্বার ও বিএনপি নেতা সামসুল আলম জানান, গত ৭–৮ বছর পুর্বে ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন ও ইউপি মেম্বার সৈয়দ আবদুল কাইয়ুম মিলে আমাকে মিথ্যা ধর্ষণ মামলার আসামী করে। তার অনুপস্থিতিতে সেন্টার হাটের বাসায় হামলা ভাংচুর করে এবং বাসার মালামাল লুট করে নিয়ে যায় কাইয়ুম মেম্বার।এছাড়া সেন্টারের হাটের সরকারি জমিতে অবৈধ ভাবে ঘর উত্তোলন করেন কাইয়ুম মেম্বার। তার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের কাজ না করে অর্থ হাতিয়ে নেওয়ারও অভিযোগ আছে।
উপজেলা বিএনপির সভাপতি মো.জালালুর রহমান আকন জানান, সামসুল আলমের দলীয় পদ স্থাগিত করা হয়েছে।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো.নাসির উদ্দিন সরকার জানান, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন তাকে বিষয়টি অবহিত করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো.নেছার উদ্দিন জানান, চেয়ারম্যান মোবাইল ফোনে বিষয়টি তাকে জানিয়েছেন।










