জনতার খবর ডেস্কঃ বকশীবাজার মোড় অবরোধ করে রেখেছে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ’ শিক্ষার্থী। রাজধানী শনির আখড়ায় হাফভাড়া দিতে চাওয়ায় এক শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে রাজধানীর বকশীবাজার মোড় অবরোধ করেছেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ’ শিক্ষার্থী। ২১ নভেম্বর রবিবার সকাল থেকে সড়কটি অবরোধ করেন শিক্ষার্থীরা। দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের এক সহপাঠী ঠিকানা পরিবহনের একটি বাসে করে শিক্ষা প্রতিষ্ঠানে আসার সময় হাফ ভাড়া দিতে চাইলে বাসের কন্ট্রাক্টর এসময় ওই শিক্ষার্থীকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এমনকি তাকে ধর্ষণেরও হুমকি দেওয়া হয় বলে তারা অভিযোগ করেন। এর প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেন।

এ সময় বাসে উঠলে সংরক্ষিত আসন না থাকা, চলন্ত বাস থেকেই তাদের দ্রুত নামতে বলা, হাফ ভাড়া না নেওয়া, বাস চালকের সহকারী ও কন্ট্রাক্টরদের কথা শোনানো, হয়রানি করা, যৌন হয়রানি বন্ধ করা এবং বাসে ওঠা ও নামার সময় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা আজকের মতো আন্দোলন সমাপ্ত ঘোষণা করেন।

দাবি পূরণ না হলে মঙ্গলবার পুনরায় তারা আন্দোলনের ঘোষণা দেন তারা।
সূত্রঃ ঢাকা ট্রিভিউন।












