রাজাপুর প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র -জনতার গণ আন্দোলনে ৫আগষ্ট ঢাকার আশুলিয়া এলাকায় পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলার রুবেল তালুকদার নামে এক যুবকের মৃত্যু হয়। পরে ময়না তদন্ত ছাড়াই পারিবারিক কবরস্থানে নিহত রুবেলের লাশ দাফন করা হয়।
ঘটনার প্রায় তিন সপ্তাহ পর নিহত রুবেলের চাচাতো ভাই খলিলুর রহমান আশুলিয়া থানায় ৬১ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করলে মরদেহ ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। বৃহস্পতিবার মরদেহ উত্তোলন করতে গেলে রুবেলের পরিবার ও মামলার বাদী আপত্তি জানায়। এতে কবর থেকে মরদেহ উত্তোলন না করেই ফিরে যান নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশ ও সংশ্লিষ্টরা।নিহত রুবেল পেশায় একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহুল চন্দ জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে নিহত রুবেলের মরদেহ উত্তোলনের জন্য গেলে মামলার বাদী ও নিহতের পরিবার মরদেহ উত্তোলন না করার জন্য লিখিত দেন। তাই মরদেহ উত্তোলন করা হয়নি। তবে মামলার তদন্ত কারি তদন্তকারী কর্মকর্তা এব্যাপারে কোন কথা বলতে রাজী হননি।










