অনলাইন ডেস্কঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উদযাপনে ৩দিনের আনুষ্ঠানিক আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। রবিবার (৮ মে) দুপুর সাড়ে ৩টায় কুষ্টিয়া কুমারখালী উপজেলার শিলাইদহে রবীন্দ্র কুঠিবাড়ী চত্বরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও প্রত্নতত্ত্ব বিভাগের আয়োজনে প্রতিমন্ত্রীকে এম খালিদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে একই মন্ত্রনালয়ের সচিব মো. আবুল মনসুরের স্বাগত বক্তব্য এবং প্রফেসর সনৎ কুমার সাহার স্মারক বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য কুষ্টিয়া-৪ সেলিম আলতাফ জজ এবং প্রধান অতিথি বক্তব্য রাখেন।
এসময় প্রধান অতিথি ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, ‘কুষ্টিয়া কুমারখালী উপজেলার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ি যেখানে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের অনেকখানি সময় এই শিলাইদাহ কুঠিবাড়িতে কাটিয়েছেন, কবির স্মৃতি বিজড়িত এই শিলাইদহের কুঠিবাড়ি আজও তার স্বাক্ষ্য বহন করে, এবং রবীন্দ্রনাথের অসংখ্য রচনাবলী তিনি এখানে বসেই লিখেছেন, কাজেই এর ঐতিহ্য এবং গৌরব সত্যিই বিরল। আমরা গর্ব অনুভব করি, যে আমাদের বাংলাদেশের মধ্যেই এই শিলাইদহ কুঠিবাড়ি রয়েছে।
আলোচনা সভার সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে শুরু হওয়া তিনদিনের এই আয়োজন চলবে আগামী মঙ্গলবার ১০মে পর্যন্ত। এই আয়োজনকে ঘিরে একদিকে রবীন্দ্র প্রেমীদের উচ্ছ্বসিত পদচারণায় মুখরিত কুঠিবাড়ি চত্বর অন্যদিকে সাজ সাজ উৎসবকে প্রাণবন্ত মাত্রা যুক্ত করেছে গ্রামীণ মেলার বিকিকিনি।
সূত্রঃ বাংলা ভিশন।












