জনতার খবর ডেক্সঃ
বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরের আওয়ামী লীগে যোগদান প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে।’
আজ শুক্রবার ২৯ ডিসেম্বর বিকেলে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের মাঝে বিভাগীয় নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়ার সময় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘ঝালকাঠিতে ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর সন্ত্রাসী দল ছেড়ে সে এখন নৌকায় উঠেছে। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। ’
তিনি বলেন, ‘বারবার আওয়ামী লীগ সরকার এসেছে বলেই আজকে বাংলাদেশ উন্নয়ন হয়েছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। আমরা বিশ্বাস করি, তারুণ্যের শক্তি বাংলাদেশের অগ্রগতি। নতুন ভোটারের কাছে আমার আহ্বান, যারা প্রথমবার ভোট দিতে আসবেন নিশ্চয় চাইবেন না আপনার ভোট ব্যর্থ হোক। নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবেন।’
শেখ হাসিনা বলেন, বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই। কারণ, তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে। আমি ধিক্কার জানাই বিএনপি-জামায়াতকে।
আওয়ামী লীগ সভাপতি বলেন, আমরা যখন জনগণের জন্য উন্নয়ন করি, তখন ওই বিএনপি-জামায়াত করে অগ্নিসন্ত্রাস। রেললাইনের ফিস প্লেট ফেলে দিয়ে, বগি ফেলে দিয়ে মানুষ হত্যার ফাঁদ পাতে। রেলে আগুন দিয়ে পুড়িয়েছে। মা-সন্তানকে বুকে জড়িয়ে রেখেছে- এই অবস্থায় আগুনে পুড়ে কাঠ হয়ে গেছে। এই দৃশ্য পুরো বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। বাসে আগুন, গাড়িতে আগুন, ঠিক ২০০১ সালে শুরু করেছিল। এরপর ১৩-১৪ একই ঘটনা ঘটায়। এখন আবার অগ্নিসন্ত্রাস শুরু করেছে। আমি ধিক্কার জানাই বিএনপি-জামায়াতকে।










