ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠির বিতর্কিত পৌর কাউন্সিলর ও হাফিজ বাহিনীর প্রধান হাফিজের ছোট ভাই মাসুদকে ধরতে রবিবার রাতে মাসুদের বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসা তালাবদ্ধ করে পালিয়ে যায় মাসুদ।মাসুদের বাসা শহরের রুপনগর এলাকায়।
গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে ঝালকাঠির আওয়ামী লীগের অধিকাংশ বিতর্কিত নেতাকর্মী শহর থেকে পালিয়ে গেলেও মাসুদ ছিলো বহাল তবিয়তে। সম্প্রতি কাউন্সিলর হাফিজকে নিয়ে বৈশাখী টিভিতে একটি প্রতিবেদন প্রকাশিত হলে মাসুদ তার ফেসবুক আইডিতে বৈশাখী টিভির সাংবাদিক শফিউল আজম টুটুল কে নানা ধরনের হুমকি প্রদান করে। এ ঘটনায় শফিউল আজম টুটুল হাফিজ বাহিনীর ক্যাডার মোর্শেদ টিটু বিশ্বাস ও হাফিজের ভাই রাজিব মাহামুদ ওরফে মাসুদকে আসামি করে ঝালকাঠি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে ঝালকাঠি থানা পুলিশ এস আই আশিকুর রহমানের নেতৃত্বে মাসুদের বাসায় অভিযান চালায়। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা আশিকুর রহমান গনমাধ্যম কর্মীদের জানান, মাসুদকে ধরতে শহরের রুপনগর এলাকায় রবিবার রাতে অভিযান চালানো হয়েছে। কিন্তু মাসুদ আগেই বাসা তালাবন্ধ করে পালিয়ে যায়। অন্য আসামী মোর্শেদ টিটু বিশ্বাসকে ধরতে প্রযুক্তির সাহায্য নেয়া হচ্ছে।
উল্লেখ্য মাসুদ বিগত সরকারের সময় ঝালকাঠি শহরের পৌর মিনি পার্ক এলাকায় সরকারী জমি দখল করে দোকান উঠিয়ে দীর্ঘদিন ধরে ভাড়া উঠিয়ে আসছিলো।










