জনতার খবর ডেস্কঃ লক্ষ্য ছিল লেখাপড়া করে হাল ধরবে অভাবের সংসারের। কিন্তু হঠাৎই বিয়ের তোড়জোড় পরিবার থেকে। আর তাই বিয়ে ঠেকাতে আরেক বান্ধবীসহ বাড়ি থেকে পলায়ন। পরিচয় গোপন রাখতে মাথার চুল ছোট করে পাঞ্জাবি আর লুঙ্গি পড়ে বাক প্রতিবন্ধী কিশোর সেজে আত্মগোপন করে দীর্ঘ একমাস। এমন কাণ্ড চট্টগ্রামের সীতাকুণ্ডের দুই এসএসসি পরীক্ষার্থী কিশোরীর। অবশেষে তাদের কুমিল্লা থেকে উদ্ধার করেছে র্যাব।
পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন নিয়ে সীতাকুণ্ডের একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল দুই বান্ধবী। কিন্তু একজনের বিয়ের তোড়জোড়ে হঠাৎই ছন্দপতন। প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন ভেঙে যাবে এমন আশংকায় গত ২৩ নভেম্বর বাড়ি ছাড়ে দুই বান্ধবী।
একমাসেরও বেশি সময় নিরুদ্দেশ থাকার পর সোমবার কুমিল্লার চান্দিনায় তাদের সন্ধান পায় র্যাব। জানায় কেউ যেন সন্দেহ না করে সেজন্য একজন চুল ছোট করে ছেলের বেশ ধারণ করে ভাইবোন হিসেবে আশ্রয় নেয় এক বাসায়। ধরা পড়া এড়াতে পাঞ্জাবি আর লুঙ্গি পড়ে বোবার অভিনয়ও করে। লক্ষ্য ছিলো পড়াশোনা ও কর্মসংস্থানের ব্যবস্থা করে তবেই ফিরবে বাড়ি।
নিরুদ্দেশ হওয়া কিশোরীদের একজন বলেন, পরীক্ষার পর হয়তো দিন-তারিখ ঠিক করে বিয়ে দিয়ে দিবে। তাই আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা আমাদের পড়াশুনাটা আবার চালু করতে চাই, জীবনে প্রতিষ্ঠিত হতে চাই, পরিবারের পাশে দাঁড়াতে চাই। কারণ আমার বাবা নেই।
আরেক কিশোরী বলেন, বাল্যবিবাহ থেকে বাঁচার জন্য আমরা দু’জনই একসঙ্গে গিয়েছি। নিজেরা পড়ালেখা করবো, পড়ালেখা করে বড় হবো। দীর্ঘ উদ্বেগ শেষে সন্তানকে পেয়ে স্বস্তিতে স্বজনরা। বলছেন এখনই যেমন তাদের বিয়ে দেবেন না তেমনি চলবে পড়লেখাও।
কিশোরী একজনের মা বলেন, আমার মেয়ে পড়াশুনা করতে খুব ভালোবাসে। সে পড়াশুনাতেও অনেক ভালো। আমি তাকে পড়াশুনা করাবো। আরেক কিশোরীর মা বলেন, আমাদের মেয়েকে আমার বুকে ফিরিয়ে দিয়েছে এটাই অনেক কিছু। আমি আর কিছু চাই না।
আত্মগোপনে অভিনব কৌশল অবলম্বন করায় তাদের খুঁজে পেতে বেগ পেতে হয়েছে বলছে র্যাব। র্যাব-৭ কোম্পানী কমান্ডার তাহিয়াত আহম্মেদ চৌধুরী বলেন, তারা দু’জন মিলেই মূলত প্ল্যান করেছে যে তারা একসঙ্গে ঘর থেকে চলে যাবে।
র্যাব-৭ অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউসুফ বলেন, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। অপ্রাপ্তবয়স্ক দুটো মেয়ে তারপর কিশোরী। এরা হঠাৎ করে উধাও হয়ে গেল। এরা বিভিন্ন বিপদেও পড়তে পারতো। আসলেই আমাদের সমস্যা হয়েছিল তাদেরকে ট্রেস করা। চলে যাচ্ছি আর আসবো না এমন চিরকুট লিখেই বাড়ি ছেড়েছিলো দুই শিক্ষার্থী। এ ঘটনায় থানায় জিডি করে তাদের পরিবার।
সূত্রঃ চ্যানেল ২৪।












