বরিশাল প্রতিনিধি: ‘
বাঁচলে কৃষক, বাঁচবে দেশ- উন্নয়নের বাংলাদেশ’ প্রতিপাদ্যে বরিশালে কৃষকের মাঝে উন্নত জাতের বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হয়েছে। রবিবার সকালে জেলার বানারীপাড়ায় পাঁচ শতাধিক কৃষকের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা ব্যাংকের সিএসআর প্রকল্পের আওতায় এবং পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড সহযোগিতায় আসন্ন বোরো মৌসুমের চাষিদের মাঝে কৃষি উপকরণ তুলে দেন অতিথিরা। উন্নত জাতের হাইব্রিড বীজ, তিন রকমের বালাইনাশক, ইউরিয়া, টিএসপি, পটাশ সারসহ ধান রোপণ থেকে ফলন পর্যন্ত সব রকমের উপকরণ বিতরণ করা হয়। এসব উপকরণে কৃষকরা বাম্পার ফলন পাবেন বলে মন্তব্য করেছেন কৃষিবিদরা।
বানারীপাড়া ডিগ্রী কলেজ মাঠে বিতরণে উপস্থিত ছিলেন, কলেজের সহকারী অধ্যাপক এমাম হোসেন, ঢাকা ব্যাংকের বরিশাল ব্রাঞ্চের ম্যানেজার মো. কাজী মিজানুর রহমান, পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড এর ডেপুটি সেলস ম্যানেজার মো. হামিদুল ইসলাম, রিজিয়নাল ম্যানেজার ভবতোষ পাল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা একেএম হান্নান, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাত সুমন, পৌর কাউন্সিলর গৌতম সমাদ্দার।










