জনতার খবর ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এবার বন্যা একটু বড় আকারে আসবে—এমন আশঙ্কার কথা সরকারের সবাইকে আগেই জানিয়েছি। আগে থেকে আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া রয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আজ ১৯ জুন রোববার সকালে সাফ চ্যাম্পিয়ন-২০২১-এর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় মহিলা ফুটবল দলকে সংবর্ধনা এবং অর্থ সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘সুনামগঞ্জের পানি আজ থেকে একটু কমতে শুরু করেছে। এ পানি যখন নামবে, মধ্যাঞ্চল প্লাবিত হবে, এরপর আবার দক্ষিণাঞ্চল প্লাবিত হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘ত্রাণ বিতরণ ও উদ্ধারকাজ—সবই করছি। প্রশাসন, সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী থেকে শুরু করে সব প্রতিষ্ঠান উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে। সেই সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোও সহযোগিতা করছে, ত্রাণ ও উদ্ধারকাজ করছে। স্যালাইন ও বিশুদ্ধ পানির ট্যাবলেটের ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে অন্যান্য ব্যবস্থাও করা হচ্ছে। পানি নেমে গেলে যে পরিস্থিতি হতে পারে, তা মোকাবিলায় সব প্রস্তুতিও আমরা নিচ্ছি।’ শেখ হাসিনা আরও বলেন, ‘ময়মনসিংহ ও রংপুর বিভাগেও বন্যার আশঙ্কা রয়েছে। সেটার জন্য আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি। পানি নিষ্কাশনের জন্য যা যা ব্যবস্থা আছে, যেগুলোও করে যাব।’
সূত্রঃ এন টিভি।












