জনতার খবর ডেস্কঃ পদ্মাসেতু উদ্বোধনের পরও শিমুলিয়ায় ফেরিঘাট চালু থাকবে বলে জানান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি আরও জানান, পদ্মাসেতু চালু হলে নদীকেন্দ্রিক পর্যটন কেন্দ্র গড়ে উঠবে শিমুলিয়া ঘাটে এবং ফেরির চাহিদা বেড়ে যাবে।
শিমুলিয়ায় পর্যটন কেন্দ্রিক ইকোজোন গড়ে তোলা হবে উল্লেখ করে তিনি বলেন, এতে কর্মসংস্থানের ব্যবস্থা হবে বেকার সকল মানুষের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে কেউ বেকার থাকবে না। নদীকে ঘিরে জীবন-জীবিকা চলবে।
সারাদেশে ফেরির চাহিদা রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী জনান, আরো ১২টি নতুন ফেরি সংগ্রহ করা হচ্ছে। ১১ জুন শনিবার পদ্মাসেতু এলাকায় বাংলাবাজার ঘাট পরিদর্শন শেষে ঢাকা যাওয়ার পথে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, জেলা প্রশাসক রহিমা বেগম উপস্থিত ছিলেন।












