জনতার খবর ডেস্কঃ পদ্মা সেতুপথের বহুকাঙ্ক্ষিত কার্পেটিং বা পিচ ঢালাইয়ের কাজ শুরু হচ্ছে ১০ নভেম্বর বুধবার । পিচ ঢালাই হবে সেতুর পশ্চিম প্রান্তের ৪০ নম্বর খুঁটির কাছ থেকে। সেতুর নির্বাহী প্রকৌশলীসূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে পরীক্ষামূলকভাবে সেতুর ৪০ নম্বর খুঁটির কাছে ৬০ মিটার অংশে কার্পেটিং হয়েছিলো। পিচ ঢালাইয়ের কাজকে কেন্দ্র করে গত ২০ অক্টোবর পানিপ্রতিরোধী প্রলেপ দেওয়া হয়েছে। কাজের প্রথম দিনে কমপক্ষে ১০০ মিটার পথ কার্পেটিং করা হবে বলে জানা গেছে। কার্পেটিং ছাড়াও পদ্মা সেতুর প্যারাপেট ওয়াল ও ডিভাইডারেও কাজ চলছে। একই সংগে চলছে নদী শাসনের কাজও।
দ্বিতল সেতুর নীচতলার পূর্ব পাশে গ্যাস লাইন স্থাপনের কাজও পুরোদমে চলছে বলে জানা গেছে। জাজিরা প্রান্ত থেকে গ্যাস লাইনের কাজ শুরু করার পর এখন দ্রুত কাজ শেষ করতে মাওয়া প্রান্ত থেকেও গ্যাস লাইন স্থাপনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেতুর নীচতলার পূর্বপাশ দিয়ে গ্যাস লাইন আর পশ্চিম পাশে ওয়াকওয়ে তৈরি করা হচ্ছে। পদ্মা সেতুকে যান চলাচলে উপোযোগী করার ক্ষেত্রে বাকি ছিলো পিচ ঢালাইয়ের কাজ। এখন সেই কাজও শুরু হলো। আগামী বছরের জুনের আগেই পদ্মা সেতুর কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।












