জনতার খবর ডেস্কঃ নারীদের বোরকা পরা সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একওই সঙ্গে সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বোরকা পরায় হেনস্তার শিকার হওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
দুই মাসের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, ধর্ম মন্ত্রণালয় সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ২ জুন বৃহস্পতিবার বিচারপতি মুজিবর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডল।
সম্প্রতি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হিজাব পরতে বাধা দেওয়ার ঘটনা ঘটে; যা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ। এমন ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা তৈরি করে। পরে সেসব ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।












