প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ডাকসু নির্বাচনে যেমন শান্তি-শৃঙ্খলা বজায় ছিল, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনও তেমনি শান্তিপূর্ণ হবে, যাতে সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে।
১২ সেপ্টেম্বর শুক্রবার সকালে মাগুরা মাঝাইল গ্রামে রেল প্রকল্প এবং রেনেসাঁর কবি ফররুখ আহমেদের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম আরও বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সেভাবেই কাজ এগিয়ে চলছে। দেশে কারো ক্ষমতা নেই এ নির্বাচন ঠেকানোর। সকল রাজনৈতিক দলের সাথে কথাবার্তা চলছে সকলের ঐক্যমতের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, রেল প্রকল্পের প্রকৌশলী আসাদুজ্জামান আসাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।












