ঝালকাঠি প্রতিনিধি॥
ঝালকাঠিতে মিরাজ শেখ (৩৫) নামের এক দিনমজুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত মিরাজ ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রনমতি গ্রামের গ্রামের শেখ সত্তারের ছেলে। কেওরা ইউনিয়নের নৈকাঠি বাজারে মঙ্গলবার রাতে মিরাজকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে র্দূবৃত্তরা।
মিরাজকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মিরাজের মৃত্যু হয়। আজ ১৫ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় ময়না তদন্তের জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহতের মা মাকসুদা বেগম জানান, কেওড়ার ইউপি সদস্য নজরুল ইসলাম, উজ্জল মেম্বর ও সেলিম মৃধার নেতৃত্বে দলবল নিয়ে জমি নিয়ে বিরোধের জেরে তার ছেলেকে কুপিয়ে হত্যা করে।
এ ব্যাপারে জানতে চাইলে ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে মিরাজকে চোর সন্দেহে টিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।










